ট্রাম্প নন, পাকিস্তানের কুলফি বিক্রেতা সেলিম বাগ্গা
পাকিস্তানে কুলফি বিক্রি করছেন ডোনাল্ড ট্রাম্প’—এমন দাবিতে ভাইরাল হওয়া ভিডিওর আসল পরিচয় সামনে এসেছে। ভিডিওতে থাকা ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট নন, তিনি পাকিস্তানের শাহিওয়ালের কুলফি বিক্রেতা সেলিম বাগ্গা, যিনি ট্রাম্পের মতো দেখতে হওয়ায় নতুন করে আলোচনায় এসেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, সাদা কুর্তা-পায়জামা পরিহিত এক ব্যক্তি ঠেলাগাড়ির পাশে দাঁড়িয়ে কুলফি বিক্রি করছেন। তার মাথার সোনালি চুল, মুখের গড়ন ও অভিব্যক্তির কারণে অনেকেই তাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে মনে করেছেন।
ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ‘পাকিস্তানে কুলফি বিক্রি করছেন ডোনাল্ড ট্রাম্প’ শিরোনামে ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন তথ্য। ভিডিওর ওই ব্যক্তি ট্রাম্প নন, বরং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শাহিওয়াল এলাকার পরিচিত কুলফি বিক্রেতা সেলিম বাগ্গা।
আরো পড়ুন,
বেশ কয়েকটি জনপ্রিয় ফেসবুক পেজ এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। অনেক ক্ষেত্রেই ভিডিওর সঙ্গে কোনো ব্যাখ্যা, নির্ভরযোগ্য সূত্র বা প্রাসঙ্গিক তথ্য যুক্ত করা হয়নি। ফলে দর্শকদের একটি বড় অংশ ভিডিওটির প্রকৃত পরিচয় সম্পর্কে বিভ্রান্ত হন।
‘ডেইলি বাংলা পোস্ট’ নামের একটি ফেসবুক পেজ, যার অনুসারীর সংখ্যা ১৬ লাখেরও বেশি, ভিডিওটি প্রকাশ করে প্রশ্ন তোলে—‘পাকিস্তানে কুলফি বিক্রি করছেন ডোনাল্ড ট্রাম্প?’ তবে পোস্টে এর বাস্তব প্রেক্ষাপট তুলে ধরা হয়নি।
পরবর্তীতে একই ভিডিওর সংক্ষিপ্ত সংস্করণ বিভিন্ন পেজে পুনরায় ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি ১৩ সেকেন্ডের ক্লিপ সবচেয়ে বেশি আলোচনায় আসে। ভিডিওটি কয়েক মিলিয়ন দর্শকের কাছে পৌঁছায় এবং বিপুল পরিমাণ প্রতিক্রিয়া, মন্তব্য ও শেয়ার অর্জন করে।
আরো পড়ুন,
ভাইরাল হওয়া সংস্করণগুলোতে মূল শব্দ সরিয়ে নেপথ্যে সংগীত ব্যবহার করা হয়। এতে ভিডিওটির স্বাভাবিক পরিবেশ আড়ালে চলে যায় এবং বিভ্রান্তি আরও বাড়ে।
ভিডিওটির বিষয়ে প্রকাশিত ব্যাখ্যায় বলা হয়, সেখানে থাকা ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প নন। যদিও কিছু পোস্টে তার নাম ‘সাজিদ মেহমুদ’ উল্লেখ করা হয়েছিল, যাচাইয়ে দেখা যায় তার প্রকৃত নাম সেলিম বাগ্গা।
পাকিস্তানের স্থানীয় বাজারে কুলফি বিক্রি করে জীবিকা নির্বাহ করা এই ব্যক্তি মূলত পরিচিত হয়েছেন তার চেহারার কারণে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার মুখাবয়বের উল্লেখযোগ্য মিল রয়েছে, যা দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয়।
২০২৫ সালে ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের সময়ও সেলিম বাগ্গাকে নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম তার বিষয়ে প্রতিবেদন করেছে।
আরো পড়ুন,
প্রকাশিত তথ্য অনুযায়ী, শুধু তার চেহারা নয়, কুলফি বিক্রির বিশেষ ভঙ্গি ও কণ্ঠস্বরও মানুষের দৃষ্টি আকর্ষণ করে। অনেকেই তার সঙ্গে ছবি তুলতে কিংবা সরাসরি দেখতে দোকানে ভিড় করেন।
নিজের জনপ্রিয়তা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সেলিম বাগ্গা জানান, মানুষ তাকে ট্রাম্পের মতো দেখতে বলে মন্তব্য করে এবং ছবি তোলে। বিষয়টি তিনি উপভোগ করেন এবং এতে আনন্দ পান।
বাংলাদেশে সম্প্রতি ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি মহিষকে ঘিরে আলোচনার মধ্যেই সেলিম বাগ্গার পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। ফলে আবারও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন।
ট্রাম্পসদৃশ ব্যক্তিদের নিয়ে আগ্রহ নতুন নয়। এর আগে যুক্তরাজ্যের কৌতুক অভিনেতা মাইক ওসমানকেও তার চেহারার কারণে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করা হয়েছে এবং তাকে ঘিরেও ব্যাপক আলোচনা হয়েছে।
এদিকে প্রেক্ষাপট ছাড়া ভিডিওটি প্রকাশের বিষয়ে ডেইলি বাংলা পোস্টের ডিজিটাল বিভাগের ইনচার্জ দীপক পাল বলেন, এটি ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। তিনি জানান, বিষয়টি সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।

কোন মন্তব্য নেই