নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান জুলাই সনদকে সম্মান জানাতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি ৩১ দফা সংস্কার ও আগামী নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের লক্ষে প্রস্তাবিত গণভোটে ‘হ্যাঁ’ বক্সে সিল দেওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এবং ‘জুলাই সনদ’-এর মর্যাদা রক্ষায় এই জনরায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে রংপুরের ঐতিহাসিক কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী সফর শুরু করার পর এই প্রথম কোনো জনসভায় তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার বিষয়টি সামনে আনলেন।
জুলাই বিপ্লবের চেতনা ও গণভোট
তারেক রহমান বলেন, “শহীদ আবু সাঈদ ও চট্টগ্রামের ওয়াসিমসহ হাজারো মানুষ জীবন দিয়েছেন মানুষের ভোটের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে। তাঁদের এই মহান আত্মত্যাগকে মূল্যায়ন করতে হলে আমাদের ‘জুলাই সনদ’কে সম্মান জানাতে হবে। আগামী ১২ তারিখ সংসদ নির্বাচনের ব্যালটের পাশাপাশি দ্বিতীয় যে ব্যালট পেপারটি দেওয়া হবে, সেখানে আপনারা সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেবেন।” তিনি বিশ্বাস করেন, এই ‘হ্যাঁ’ জয়ী হওয়ার মাধ্যমেই আগামীর সংস্কারের পথ প্রশস্ত হবে।
সংস্কার নিয়ে বিএনপির স্বচ্ছতা
রাষ্ট্রীয় সংস্কার প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, সংস্কার নিয়ে বিএনপির কোনো লুকোছাপা নেই। প্রায় আড়াই বছর আগেই স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় বিএনপি জনগণের সামনে ‘৩১ দফা’ সংস্কার প্রস্তাব পেশ করেছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশনের অধিকাংশ প্রস্তাবের সঙ্গে বিএনপির দেওয়া আগের প্রস্তাবগুলোর যথেষ্ট মিল রয়েছে। কিছু বিষয়ে দ্বিমত থাকলেও তা বিএনপি প্রকাশ্যে জনগণের কাছে তুলে ধরেছে বলে তিনি উল্লেখ করেন।
শহীদ আবু সাঈদের বাড়িতে তারেক রহমান
রংপুরের জনসভায় যোগ দেওয়ার আগে তারেক রহমান পীরগঞ্জের বামনপুর গ্রামে যান। সেখানে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। এরপর তিনি আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান। সেখান থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি রংপুরের জনসভাস্থলের উদ্দেশ্যে রওনা হন।
নেতৃবৃন্দের উপস্থিতি ও প্রার্থীর পরিচয়
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মঞ্চে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ শীর্ষ নেতারা। জনসভার শেষ পর্যায়ে তারেক রহমান রংপুর বিভাগের বিভিন্ন আসনের দলীয় ও জোটগত প্রার্থীদের মঞ্চে পরিচয় করিয়ে দেন এবং সবাইকে ধানের শীষ প্রতীকে জয়ী করার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই: