কেটি পেরি ও লিসার সঙ্গে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের সঞ্জয়
![]() |
২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বখ্যাত তারকা কেটি পেরি ও ব্ল্যাকপিঙ্কের লিসার সঙ্গে একই মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়। যুক্তরাষ্ট্রের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজন ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।
২০২৬ ফিফা বিশ্বকাপ ঘিরে জমে উঠছে আয়োজনের উত্তেজনা। এবার প্রথমবারের মতো যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপ আয়োজন করছে। টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তুলতে তিন আয়োজক দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠান রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
এই আয়োজনের সবচেয়ে আলোচিত খবরগুলোর একটি হলো—বিশ্বখ্যাত শিল্পী কেটি পেরি ও ব্ল্যাকপিঙ্কের লিসার সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়।
১২ জুন যুক্তরাষ্ট্র তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে প্যারাগুয়ের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসের কাছের সোফাই স্টেডিয়ামে। খেলা শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি ও লিসার পাশাপাশি সঙ্গীত পরিবেশন করবেন সঞ্জয়ও।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সঞ্জয় বলেন, এমন একটি মঞ্চে ওঠা তাঁর কাছে স্বপ্নপূরণের মতো। তিনি জানান, একজন অভিবাসী পরিবারের সন্তান হিসেবে ছোট্ট স্টুডিও থেকে শুরু করে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছানো তাঁর জীবনের অন্যতম বড় অর্জন।
তিনি আরও বলেন, এই মুহূর্তটি শুধু তাঁর একার নয়; বরং সেই সব তরুণদের প্রতিনিধিত্ব করে যারা ভিন্ন সংস্কৃতির মধ্যে বেড়ে উঠেও নিজেদের স্বপ্নকে ধরে রেখেছে।
আন্তর্জাতিক অঙ্গনে ইতোমধ্যেই পরিচিত মুখ হয়ে উঠেছেন সঞ্জয়। দক্ষিণ এশিয়া থেকে শুরু করে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকায় তাঁর সংগীতের শ্রোতা রয়েছে। নিউইয়র্ক টাইমসও তাঁকে অন্যতম জনপ্রিয় দক্ষিণ এশীয় ইলেকট্রনিক সংগীতশিল্পী হিসেবে উল্লেখ করেছে।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে আরও থাকছেন একাধিক আন্তর্জাতিক তারকা। কানাডার প্রথম ম্যাচের আগে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও আলেসিয়া কারা।
অন্যদিকে ১১ জুন অ্যাজটেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে মেক্সিকো। সেই উদ্বোধনী আয়োজনে অংশ নেবেন মানা, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্দা এবং দক্ষিণ আফ্রিকার গায়িকা টাইলার।
এছাড়া জে বালভিন, আনিত্তা, ড্যানি ওশান, এলিয়ান্না ও ভেজেড্রিমের মতো আন্তর্জাতিক শিল্পীরাও বিশ্বকাপের বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করবেন।
ফিফা জানিয়েছে, দর্শকদের বিনোদনের জন্য ম্যাচ শুরুর প্রায় দেড় ঘণ্টা আগেই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। পুরো আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই ফুটবল ও সংগীতপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
মোঃ রাজু আহমেদ

কোন মন্তব্য নেই