বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো বার্তায় বলা হয়, অধ্যাপক ইউনূস নিয়মিত খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং তার চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা সাবেক এই তিনবারের প্রধানমন্ত্রীকে জাতীয় অনুপ্রেরণার প্রতীক উল্লেখ করে আরও বলেন যে তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বার্তায় জানানো হয়, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এ সময় খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করে জাতির কাছে দোয়া প্রার্থনা করেন অধ্যাপক ইউনূস।
খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনির জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। গত সপ্তাহে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তাঁর হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ রয়েছে।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থানের পর তিনি ৬ মে দেশে ফিরে আসেন। এর পর থেকে বিভিন্ন শারীরিক সমস্যার কারণে তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
কোন মন্তব্য নেই: